সাজ্জাদুল বারী, টাঙ্গাইল:
টাঙ্গাইলের আলোচিত্রীদের দক্ষতা বৃদ্ধি এবং সৃজনশীলতাকে উৎসাহিত করতে টাঙ্গাইল ওয়েডিং ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন (TWPA)-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী ‘ভিজ্যুয়াল স্টোরিটেলিং মাস্টারক্লাস ২০২৬ । গত ০২ জুলাই ২০২৬, বৃহস্পতিবার টাঙ্গাইলের ফুলি কমিউনিটি সেন্টারে (Fuly Community Center) এই বিশেষ মাস্টারক্লাস ও ফটো এক্সিবিশন অনুষ্ঠিত হয়।
এবারের মাস্টারক্লাসে প্রধান ট্রেইনার ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দেশের জনপ্রিয় ফটোগ্রাফি টিম ‘চিত্রগল্প’ (ChitroGolpo)-এর তিন দিকপাল— প্রান্তর নয়ন, অভিজিৎ নন্দী এবং সাজেদুল হক লিজু। তারা তরুণ ফটোগ্রাফারদের মাঝে ফটোগ্রাফির কৌশল, মোটিভেশন এবং ভিজ্যুয়াল স্টোরিটেলিংয়ের নানাদিক তুলে ধরেন।
সেশনগুলোতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়:
প্রান্তর নয়ন (চিত্রগল্প): ওয়েডিং ফটোগ্রাফি টেকনিক, স্টোরিটেলিং এবং ক্লায়েন্ট এক্সপেরিয়েন্স।
অভিজিৎ নন্দী (চিত্রগল্প): ওনার ফটোগ্রাফি জীবনের ওপর মোটিভেশনাল বক্তব্য।
সাজেদুল হক লিজু (চিত্রগল্প): ভিজ্যুয়াল স্টোরিটেলিং: কম্পোজিশন, মোশন এবং ইমোশন।
দিনব্যাপী এই আয়োজনের মূল সমন্বয় ও ব্যবস্থাপনায় সক্রিয় ভূমিকা পালন করেন অন্তর সাহা, ফাহিম শাহরিয়ার, সাজন, রনি, মারুফ এবং রাকিবসহ টাঙ্গাইলের স্থানীয় একঝাঁক তরুণ ফটোগ্রাফার। স্পন্সর ও পার্টনার হিসেবে যুক্ত ছিল ‘Photo Focus’ এবং ‘চিত্রগল্প’।
মাস্টারক্লাসের পাশাপাশি ভেন্যুতে একটি আকর্ষণীয় ফটো এক্সিবিশন ও কন্টেস্টের আয়োজন করা হয়। যেখানে আলোকচিত্রীদের জমা দেওয়া সেরা ছবিগুলো প্রদর্শিত হয়। এই এক্সিবিশন ও কন্টেস্টের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন গুণী আলোকচিত্রী অভিজিৎ নন্দী।
অনুষ্ঠানের শেষ অংশে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং মাস্টারক্লাসে অংশগ্রহণকারী সকল আলোকচিত্রীদের হাতে সম্মাননা সার্টিফিকেট তুলে দেওয়া হয়। সবশেষে একটি জমজমাট গ্রুপ ফটো সেশনের মাধ্যমে অনুষ্ঠানটির সফল সমাপ্তি ঘটে।
আয়োজকরা জানান, টাঙ্গাইলের ফটোগ্রাফি ইন্ডাস্ট্রিকে আরও পেশাদার ও আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতেই এই মাস্টারক্লাসের আয়োজন করা হয়েছে। আগামীতেও এ ধরণের শিক্ষণীয় উদ্যোগ অব্যাহত থাকবে।


















