এম মুহাম্মাদ নাজমুল হক :
খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা অধিবেশনে নেতৃবৃন্দ গভীর উদ্বেগের সাথে বলেন, বিএনপি সরকার গণভোট অধ্যাদেশ-২০২৫, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ, মানবাধিকার কমিশন সংক্রান্ত অধ্যাদেশ ও বিচার বিভাগ সংস্কার অধ্যাদেশ সহ বেশ কয়েকটি জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করে দেশকে আবারো ফ্যাসিবাদী শাসনের দিকে নিয়ে যাচ্ছে। গণভোট অধ্যাদেশ বাতিল করে সরকার গনবিরোধী অবস্থান নিয়েছে।
অন্যদিকে, জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ-২০২৫ অন্তহীন প্রতারণার দলিল ও জাতীয় প্রতারণা হিসেবেও অখ্যায়িত করেছে, এর মাধ্যমে বিএনপি জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট ভূলুণ্ঠিত করেছে| অথচ এই সনদে স্বাক্ষরকারী ২৫ টি রাজনৈতিক দলের মধ্যে বিএনপির নামও উল্লেখ রয়েছে| তারা ভিন্নমত যুক্ত করে নিজস্ব প্রক্রিয়ায় সংসদীয় সংশোধন চায়, যা গণভোটে জনরায়ের বিরোধীতা ছাড়া আর কিছুই নয়। জুলাই জাতীয় সনদের যে ৪৮টি প্রস্তাব বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হয়েছিল নির্বাচিত সংসদকে সেগুলো নিয়ে আলোচনা-পর্যালোচনা করতে হবে। গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।
যথাসময়ে টিকা প্রদান না করার কারণে শিশুদের হাম আক্রান্তের হার বাড়ছে| গত মার্চ মাসে এ রোগে ৩২ জন শিশু মারা গেছে| ইতিমধ্যে মশার উৎপাত বাড়লেও সরকারদলীয় স্থানীয় সরকার প্রশাসকগণ সজাগ নন| অথচ সামনে ডেঙ্গু ও চিকুনগুনিয়া সহ মশাবাহীত রোগের প্রাদুর্ভাব বাড়ার মৌসুম| সরকারি হাসপাতালগুলোতে প্রয়োজনীয় ঔষধ ও সরঞ্জাম সংকটে চিকিৎসা বাধাগ্রস্থ হচ্ছে। জ্বালানী তেল মজুদকারীদের বিরুদ্ধে সরকার কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে না। শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩দিন অনলাইন ক্লাস চালু অপরিণামদর্শী সিদ্ধান্ত। এতে আর্থিক ও নৈতিকভাবে শিক্ষার্থীদের বহুমুখী ক্ষতির শিকার হতে হয়। বিদ্যুৎ ও জ্বালানী সংকট মোকাবেলায় সরকার শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র ও আলোকসজ্জা নিষিদ্ধ ঘোষণা করতে পারে। পাবলিক পরিবহন ব্যবস্থা উন্নত করতে পারে। শিক্ষাপ্রতিষ্ঠানে ৩দিন অনলাইন ক্লাসের অযৌক্তিক সিদ্ধান্ত থেকে ফিরে আসার জন্য সরকারকে আহ্বান করছি। বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে অনুষ্ঠিত গতকালকের উপনির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ এসেছে। এসব অনিয়মের কারণে নির্বাচন কমিশনকে জবাবদিহীতা করতে হবে।
আজ সকাল ৯টায় কাইকরালস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শূরার সাধারণ অধিবেশনে উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক সিরাজুল হক, মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক, মুফতি আবদুল হামিদ, সিনিয়র যুগ্ম-মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য ডা. আবদুল্লাহ খান, ড. ইউসুফ আলী, মুফতি আবুল হাসান এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্যবৃন্দ ও আমন্ত্রিত সদস্যবৃন্দ।
অধিবেশনে প্রস্তাব গ্রহণ, কেন্দ্রীয় বার্ষিক রিপোর্ট পেশ ও পর্যালোচনা, বার্ষিক পরিকল্পনা পুনর্মূল্যায়ন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ পর্যালোচনা ও বিবিধ এজেন্ডা কর্মসূচির অন্তর্ভুক্ত ছিল।
অধিবেশনে পাশকৃত ৫ টি প্রস্তাব:
প্রস্তাব-১: শোক প্রস্তাব:
খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরার সাধারণ অধিবেশন ২০২৬ খেলাফত মজলিস কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য ও জামেয়া ইসলামিয়া লালমাটিয়া মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা মাহবুবুল হক কাসেমী, ইউরোপ-আমেরিকা জোন সহকারি পরিচালক মাওলানা আবদুল বাছিত, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সাবেক কেন্দ্রীয় সভাপতি মুফতি মুহাম্মদ হুজাইফা, খেলাফত মজলিস সিলেট জৈন্তাপুর উপজেলা সহ-সভাপতি মাওলানা নজির আহমদ ও মাওলানা জহির উদ্দিন, লক্ষ্মীপুর রামগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক লিয়াকত আলী, নোয়াখালী জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আবদুল আজিজ, নোয়াখালী চাটখিল উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল্লাহ, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদি, জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মাওলানা আবদুল কুদ্দুস কাসেমী, জামেয়া ইসলামিয়া পটিয়ার মুহতামিম মাওলানা আবু তাহের নদভী, বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী এম শমসের আলী, দৈনিক নয়াদিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিন, ইরানে মার্কিন-ইসরাইলী হামলায় নিহত নেতৃবৃন্দ সহ সকল হতাহত, দেশে কয়েক দফা ভূমিকম্পে হতাহত, রাজবাড়ী ফেরীঘাটের পদ্মা নদীতে বাস ডুবির ঘটনায় হতাহত, কেরানীগঞ্জ গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডে হতাহত ও আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে হতাহতদের প্রতি গভীর শোক প্রকাশ করছে এবং নিহত সকলের জন্য মহান আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করছে| শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও মহান আল্লাহর দরবারে ধৈর্য্য কামনা করছে|
প্রস্তাব-২: গণভোট সহ জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকারের অনীহা প্রসঙ্গ
খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরার সাধারণ অধিবেশন ২০২৬ গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে, নবগঠিত বিএনপি সরকার গণভোট অধ্যাদেশ-২০২৫, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ, মানবাধিকার কমিশন সংক্রান্ত অধ্যাদেশ ও বিচার বিভাগ সংস্কার অধ্যাদেশ সহ বেশ কয়েকটি জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশ সংসদে বিল আকারে উত্থাপন না করে বাতিলের সিদ্ধান্ত নিয়েছে| এতে করে ফ্যাসিবাদী শাসন পরবর্তি বাংলাদেশকে নতুনভাবে পুনর্গঠনের কার্যক্রম চরমভাবে বাধাগ্রস্থ হবে|
অন্যদিকে, জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ-২০২৫ সম্পূর্ণ বেআইনি ও অবৈধ বলে আখ্যায়িত করেছে সরকারি দল| সংসদে বিএনপি এ আদেশকে অন্তহীন প্রতারণার দলিল ও জাতীয় প্রতারণা হিসেবেও অখ্যায়িত করেছে, এর মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট ভূলুণ্ঠিত হয়েছে| অথচ এই সনদে স্বাক্ষরকারী ২৫ টি রাজনৈতিক দলের মধ্যে বিএনপির নামও উল্লেখ রয়েছে| তারা সম্পূর্ণ সনদ না মেনে ‘নোট অব ডিসেন্ট’ (ভিন্নমত) যুক্ত করে নিজস্ব প্রক্রিয়ায় সংসদীয় সংস্কার চায়| জনগণ বিদ্যমান সংবিধানের সেসব বিষয়গুলোরই সংস্কার চায়, যেগুলো এদেশে বারবার স্বৈরাচার ও ফ্যাসিবাদের জন্ম দিয়ে যাচ্ছে|
জুলাই সনদে এমন কিছু প্রস্তাব রয়েছে যাতে সংবিধানের মৌলিক কাঠামোতে ব্যাপক পরিবর্তন আসবে| যা বর্তমান প্রক্রিয়ায় সংশোধনের মাধ্যমে যুক্ত করা হলে টেকসই হবে না| কারণ বিগত ৫৫ বছর ধরে এই সংবিধান ১৭ বার সংশোধন করা হয়েছিল| তাই জুলাই সনদ পূর্ণ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদ গঠন অত্যন্ত প্রয়োজন, যে পরিষদের থাকবে মৌলিক শাসনতান্ত্রিক পরিবর্তনের গাঠনিক ক্ষমতা| সংবিধান সংস্কার পরিষদের সেই ক্ষমতা ইতিমধ্যে গণভোটে ’হ্যাঁ’-এর পক্ষে রায় প্রদানের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ জনগণ মতামত দিয়েছে|
খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরার সাধারণ অধিবেশন ২০২৬ বর্তমান সরকারকে জনরায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংসদে অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন ও জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানাচ্ছে|
প্রস্তাব-৩: জ্বালানী খাতে বিশৃঙ্খলা ও নিরাপত্তাহীনতা প্রসঙ্গ
খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরার সাধারণ অধিবেশন ২০২৬ উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে, বিগত দেড় মাস ধরে মধ্যপ্রাচ্যে সংঘাত ও হরমুজ প্রণালি বন্ধের ঝুঁকিতে বিশ্ববাজারে জ্বালানির দাম ও সরবরাহ শৃঙ্খলে চরম অস্থিরতা তৈরি হয়েছে, যা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায়ও বড় ধরণে হুমকি হিসেবে দেখা দিয়েছে| এ পরিস্থিতিতে সিন্ডিকেট চক্র মজুদদারি করে দেশে কৃত্রিম সংকট সৃষ্টি করে এবং জ্বালানী পেতে গ্রাহকদের চরম ভোগান্তির শিকার হতে হয়| এর ফলশ্রুতিতে লোডশেডিং বৃদ্ধি, কৃষকের বোরো সেচ বিঘ্ন, গণপরিবহন সংকট সৃষ্টি এবং দ্রব্যমূল্য বৃদ্ধি সহ জনজীবনে দুর্বিসহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে| এই অস্থিতিশীল পরিস্থিতির উত্তরণ ও জ্বালানী খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠায় সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে| এর মধ্যে গত ২ এপ্রিল থেকে ১২ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম এক লাফে ৩৮৭ টাকা বৃদ্ধি করে ১৭২৮ টাকা নির্ধারণ করেছে সরকার, যা জনজীবনে আরো দুর্ভোগ বৃদ্ধি করবে|
বাংলাদেশের সিংহভাগ অপরিশোধিত তেল মধ্যপ্রাচ্য থেকে আমদানী করতে হয়, যেখানে রিজার্ভের বার্ষিক ২০ বিলিয়ন ডলার খরচ হয়| যার কারণে রিজার্ভ সংকট ও মূল্যস্ফীতি বৃদ্ধি পাচ্ছে| মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা না আসলে বাংলাদেশের ভবিষ্যৎ জ্বালানী নিরাপত্তা আরো চরম হুমকীর মুখে পড়বে|
খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরার সাধারণ অধিবেশন ২০২৬ অবিলম্বে সিলিন্ডার গ্যাসের দাম কমানো, জ্বালানি তেল বিতরণে শৃঙ্খলা প্রতিষ্ঠা, দেশীয় গ্যাস উত্তোলন বৃদ্ধি এবং নবায়নযোগ্য বিকল্প জ্বালানী উৎসের দিকে মনোযোগ বৃদ্ধির জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছে|
প্রস্তাব-৪: স্থানীয় সরকার প্রশাসন, স্বাস্থ্য খাত ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রসঙ্গ
খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরার সাধারণ অধিবেশন ২০২৬ উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে, নবগঠিত বিএনপি সরকার ১১টি সিটি কর্পোরেশন ও ৪২ টি জেলা পরিষদে দলীয় প্রশাসক নিয়োগের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে দেয়ার অপচেষ্টা করছে| অথচ সংবিধানের ৫৯ ধারা অনুযায়ী স্থানীয় সরকার পরিচালিত হবে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে| সরকার দলীয় নেতাকর্মীদেরকে এভাবে রাষ্ট্রীয় কাজে নগ্নভাবে পুনর্বাসন করে সরকার জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করতে চাইছে|
বিগত দেড় বছর ধরে দেশের স্বাস্থ্য খাতে সবচেয়ে বেশি স্থবিরতা বিরাজ করছে| যথাসময়ে টিকা প্রদান না করার কারণে শিশুদের হাম আক্রান্তের হার বাড়ছে| গত মার্চ মাসে এ রোগে ৩২ জন শিশু মারা গেছে| ইতিমধ্যে মশার উৎপাত বাড়লেও সরকারদলীয় স্থানীয় সরকার প্রশাসকগণ সজাগ নন| অথচ সামনে ডেঙ্গু ও চিকুনগুনিয়া সহ মশাবাহীত রোগের প্রাদুর্ভাব বাড়ার মৌসুম| সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কম্পে্লক্সগুলোতে বিশেষজ্ঞ ডাক্তার সহ শূন্যপদ বাড়ছে| একদিকে অপর্যাপ্ত বাজেট অন্যদিকে দুর্নীতি আর অপচয়ে নিমজ্জিত বাংলাদেশের স্বাস্থ্য খাত|
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি এখনো হয়নি| দলীয় চাঁদাবাজ ও দখলবাজদের দৌরাত্ম্য এখনো চলছে| কর্মসংস্থানের বিকল্প ব্যবস্থা না করে হকার উচ্ছেদের মাধ্যমে ফুটপাথ দখলমুক্ত করা হলেও যানজট স্থায়ী নিরসন হচ্ছে না| ব্যবসায়িক মজুদদার ও সিন্ডিকেট চক্র বেশ সক্রিয়| এদের কাছে শুধু জনগণ নয়, ভ্রাম্যমান আদালতও অনেক সময়ে জিম্মী হয়| মাদক চক্র, অসামাজিক কার্যকলাপ ও কিশোর গ্যাং আবারো সক্রিয় হচ্ছে| ধর্ষণ সহ নারী-শিশু নির্যাতন হার কমেনি| সামাজিক যোগাযোগ মাধ্যমে মতপ্রকাশের ক্ষেত্রে সাইবার নিরাপত্তা আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে নাগরিকের বাক স্বাধীনতার অধিকার খর্ব করার অপচেষ্টা চলছে| জাতীয় সংসদের ২টি আসনে উপনির্বাচনে ব্যাপক কারচুপি ও আইন-শৃঙ্খলার অবনতির অভিযোগ এসেছে|
এমতাবস্থায় আজকের মজলিসে শূরার সাধারণ অধিবেশন ২০২৬ সরকারের প্রতি অবিলম্বে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত করা, নাগরিকদের নিরাপত্তা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে মহাপরিকল্পনা গ্রহণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গৃহীত পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবি জানাচ্ছে|
প্রস্তাব-৫: মধ্যপ্রাচ্যে সংঘাত, ভারতীয় আধিপত্যবাদ ও মুসলিম নির্যাতন প্রসঙ্গ
খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরার সাধারণ অধিবেশন ২০২৬ তীব্র ক্ষোভের সাথে লক্ষ্য করছে যে, বিগত দেড় মাস ধরে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইল অন্যায়ভাবে ইরানের উপর যৌথভাবে বিমান ও মিসাইল হামলা চালিয়ে সাড়ে ৩ হাজার ও লেবাননে দেড় হাজারের বেশি মানুষকে হত্যা করেছে| দেশ দু’টির অবকাঠামো ধ্বংস করেছে| কিন্তু দু:খজনকভাবে বাংলাদেশ সরকার মুসলিম রাষ্ট্র ইরানের বিরুদ্ধে এই আগ্রাসনের শক্ত কোন প্রতিবাদ করেনি কিংবা সংসদে নিন্দা প্রস্তাব আনেনি| ইরান তার প্রতিরোধ যুদ্ধে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় বেশ কয়েকবার ভয়াবহ হামলা চালিয়ে আধিপত্যবাদীদের বুকে কম্পন সৃষ্টি করতে সক্ষম হয়েছে| অবশেষে পাকিস্তানের মধ্যস্ততায় ২ সপ্তাহের যুদ্ধবিরতিতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান সম্মত হলেও পরিস্থিতি আবার যে কোন সময়ে আরো অবনতির আশংকা রয়েছে|
সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরকালীন লালমনিরহাট সীমান্তে এক বাংলাদেশীকে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী| পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনের ঠিক আগ মুহূর্তে বিজেপি সরকারের জাতীয় নির্বাচন কমিশন ৯০ লক্ষ মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে যার অধিকাংশ হচ্ছে মুসলমান| কাশ্মীরের স্বাধীনতাকামী নারী নেত্রী, স্বামী ও তার সহযোগীদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দিল্লীর একটি আদালত| আজকের অধিবেশন ভারতীয় এই আধিপত্যবাদী আচরণ ও নিপীড়নের তীব্র নিন্দা জানাচ্ছে|
খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা অধিবেশন ২০২৬ মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলী সকল বর্বরতার বিরুদ্ধে তীব্র ঘৃণা ও ধিক্কার জানাচ্ছে এবং আন্তর্জাতিক আদালতে ইসরাইলের বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করার জোর দাবি জানাচ্ছে| মধ্যপ্রাচ্যে স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর ও শান্তি কামনা করছে| মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশীদের জীবনের নিরাপত্তা ও কর্মসংস্থান সুরক্ষায় সরকারকে কার্যকর উদ্যোগের দাবি জানাচ্ছে| স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি এবং গাজা পুনর্গঠনে এগিয়ে আসার জন্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও রাষ্ট্র সমূহকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে| পাশাপাশি বাংলাদেশে উদ্বাস্তু জীবনের অবসান ঘটিয়ে ১৩ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিরাপদে নিজ দেশ মায়ানমারে ফেরত প্রদানে বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানাচ্ছে| ভারতে নির্যাতিত মুসলিম জনগোষ্ঠী সহ সকল সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত ও মানবাধিকার সুরক্ষায় ভারত সরকারের প্রতি চাপ সৃষ্টি করতে বাংলাদেশ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ কামনা করছে|

















